চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। সোমবার ফাঁস হওয়া একটি অডিওতে পদত্যাগের ইঙ্গিত দেন তিনি। সেই অডিও’র সত্যতা অস্বীকার না করলেও মঙ্গলবার পদত্যাগের পরিকল্পনার কথা তিনি অস্বীকার করেন।
সোমবার রয়টার্সে ওই অডিও প্রকাশিত হয়। গত সপ্তাহে ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার আলোচনার ওই অডিওটি ফাঁস হয়। যেখানে তিনি বলেন, আমার যদি কোনো পছন্দ থাকে, তবে তার প্রথমটি হলো সরে যাওয়া। এমন কথা মঙ্গলবার তিনি অস্বীকার করেছেন। তিনি বলেন, পদত্যাগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কখনও কোনো আলোচনা করিনি। এটা আমার ব্যক্তিগত পছন্দও নয়।
আরও পড়ুন : রিফাত হত্যা মামলা: ৬ কিশোর সংশোধনাগারে
এই সংকট সমাধানে তার হাতে ক্ষমতা খুব সীমিত বলেও উল্লেখ করেন লাম। তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধান নির্বাহী কাজ করেন। যেখানে তিনি কেন্দ্রীয় সরকার ও হংকং উভয় পক্ষের জন্যই কাজ করে।
তিনি আরও বলেন, তাছাড়া চীন এই সংকট সমাধানে কোনো সময়সীমাও বেঁধে দেয়নি। চাইনিজ কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে কোনো সৈন্যও পাঠায়নি।
হংকংয়ে কয়েক মাস ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিচারের জন্য হংকং থেকে বন্দিদের চীনের আদালতে প্রত্যার্পণ সংক্রান্ত একটি আইন জারির পর এই বিক্ষোভ শুরু হয়। যদিও সেই আইনটি পরে তারা বাতিল করেছে। তবে বিক্ষোভকারীদের উপর হামলা ও গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ এখনও চলছে। তাই সংকট সমাধানে তার সুযোগ খুবই সীমিত।
ইত্তেফাক/কেআই
