রাজশাহীতে নৌকাকে বিজয়ী করতে শপথ নিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫

সব দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে অঙ্গীকার করেছেন রাজশাহীর আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এ অঙ্গীকার করেন তারা। সভায় নৌকাকে বিজয়ী করতে নৌকার পক্ষে কাজ করতে রাজশাহীর পাঁচটি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, মনোনয়ন চেয়েও যারা পাননি সেসব মনোনয়ন প্রত্যাশীসহ আওয়ামী লীগের নেতারা দুই হাত তুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং হাত মুষ্ঠিবদ্ধ করে শপথবাক্য পাঠ করেন। সভায় শপথবাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নৌকা মার্কা আমাদের সবার মার্কা। নৌকার বিজয় হলে আমাদের সবার বিজয় হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে সবাই নিজ নিজ জায়গা থেকে নৌকাকে বিজয়ী করতে কাজ করুন। তিনি আরো বলেন, অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু মনোনয়ন পাননি। প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রতীক দিয়েছেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে কাজ করতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল খালেক ও অধ্যাপক ড. সাইদুর রহমান খান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু।

সভায় আরো বক্তব্য দেন, রাজশাহী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সাংসদ ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক, রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মনসুর রহমান, রাজশাহী-৬ আসনের বর্তমান সাংসদ ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহরিয়ার আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আকতার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, কামরুজ্জামান চঞ্চল ও সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান। সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।