অনিক আহমেদ
মানুষের স্বাস্থ্যসম্পর্কিত সচেতনতার ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী এক আয়োজন সম্পন্ন করতে যাচ্ছে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়। উভয়ের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে জনস্বাস্থ্যবিষয়ক ছবি প্রতিযোগিতার। গত ১৮ জুন জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ।
‘ফটোগ্রাফিতে জনস্বাস্থ্য: ফুটিয়ে তুলুন আপনার ক্যামেরায়’ প্রতিপাদ্যে দেশব্যাপী চলবে এই প্রতিযোগিতা। জনস্বাস্থ্যবিষয়ক ছবি হচ্ছে সেই ছবি, যা জনসাধারণের স্বাস্থ্যসম্পর্কিত বিভিন্ন বিষয়কে তুলে ধরে। আমাদের চারপাশের ইতিবাচক বা নেতিবাচক যেটাই ঘটুক না কেন তা যদি আমাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ভূমিকা রাখে অথবা আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে তাহলে সেটাকে ছবিতে ফুটিয়ে তুলে ধরাই হলো প্রতিযোগিতার বিষয়বস্তু। উদাহরণ স্বরূপ বলা যায়, একটি রেস্তোরাঁতে রান্নাঘরের চিত্র দেখে আপনি বুঝতে পারবেন সেখান স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা হচ্ছে কি না? রাস্তার পাশের খোলা খাবার, অপুষ্ট শিশু অথবা মা, নারীস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহ এবং এর কুফল কিংবা বয়স্ক স্বাস্থ্যসেবা বিষয়ে আপনি ছবি তুলতে পারেন। পথশিশু, শিশুশ্রম, বস্তির জীবন, শরণার্থী শিবির, ইটভাটার ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া, অতিরিক্ত যাত্রী বহনকারী গাড়ি, গাড়ির হর্ন, নদী দূষণ, সড়ক দুর্ভোগ, কলকারখানার বর্জ্য, রাস্তার পাশে বা স্কুলের সামনে ময়লার স্তূপ অথবা খোলা ডাস্টবিন সব বিষয়ই জনস্বাস্থ্য সম্পর্কিত। বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ অথবা পানি সংগ্রহের লম্বা লাইন, খোলা টয়লেট কিংবা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক র্যাালি, টিকাদান, প্রাতঃকালীন হাঁটা, ব্যায়াম হতে পারে আপনার ছবির বিষয়। অ্যান্টিবায়োটিক ওষুধের অনিয়ন্ত্রিত, অপ্রয়োজনীয়, অসম্পূর্ণ ও যথেচ্ছ ব্যবহার কিংবা ছোট বাচ্চাদের মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তিও জনস্বাস্থ্যসম্পর্কিত আপনার ছবির বিষয়। বাংলাদেশে বসবাসকারী ১৮ বছর বয়সী বা তদূর্ধ্ব যে কোনো নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেক প্রতিযোগী নিজের তোলা সর্বোচ্চ তিনটি ছবি জমা দিতে পারবেন। প্রতিযোগীকে নিজের তোলা প্রতিটি ছবির একটি অর্থবহ শিরোনাম এবং ছবির জনস্বাস্থ্যবিষয়ক গুরুত্ব ৭৫-২০০ শব্দের মধ্যে বাংলা অথবা ইংরেজিতে বর্ণনা করতে হবে।
