কাবুলে তালেবানের গাড়িবোমা হামলায় নিহত ১৬

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৮

রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে আন্তর্জাতিক সংগঠনগুলোর ব্যবহূত একটি হাউজিং কমপ্লেক্সে তালেবানের গাড়িবোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার রাতে অত্যন্ত সুরক্ষিত ঐ কম্পাউন্ডটিতে হামলার পর মঙ্গলবার সকালে ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা ঐ কম্পাউন্ডটি সরিয়ে নেওয়ার দাবি তুলে সেখানে অগ্নিসংযোগ করে।

এক টেলিভিশন সাক্ষাত্কারে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য নিযুক্ত বিশেষ মার্কিন দূত জালমে খলিলজাদ তালেবানের সঙ্গে হওয়া একটি খসড়া চুক্তির বিস্তারিত তুলে ধরার সময়ই হামলাটি চালানো হয়। শক্তিশালী এ বিস্ফোরণে কয়েক কিলোমিটার দূরের ভবনগুলোও কেঁপে ওঠে। শনি ও রবিবার উত্তরাঞ্চলীয় দুটি শহরে বড়ো ধরনের হামলার পর রাজধানীর গ্রিন ভিলেজ কম্পাউন্ডে হামলা চালালো তালেবান। এতে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তির বিষয়ে যে সমঝোতা হয়েছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিস্ফোরণের সময় কাছেই নিজের বাড়িতেই ছিলেন হাবিব জান। তিনি জানান, এই এলাকায় প্রায়ই হামলা হয় এবং স্থানীয় অনেক বাসিন্দাই চান ত্রাণসংস্থাসহ আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর বিদেশি কর্মীদের ব্যবহূত এই বাণিজ্যিক ও আবাসিক কম্পাউন্ডটি এখান থেকে সরিয়ে নেওয়া হোক।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানিয়েছেন, বিস্ফোরক ভরা একটি ট্রাক্টরের মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। কিন্তু যারা হামলাকারী ছিল তারা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। অত্যন্ত সুরক্ষিত ঐ কম্পাউন্ডটি থেকে প্রায় ৪০০ বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হামলার দায় স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বিস্ফোরণে অনেক ঘর ও দপ্তর ধ্বংস হয়েছে এবং বহু ‘দখলদার’ নিহত হয়েছে বলে ঘোষণা করেছেন।