টেস্ট চ্যাম্পিয়নশিপ
ধোনিকে ছাড়ালেন কোহলি
স্পোর্টস ডেস্ক
মঞ্চটা বিরাট কোহলির দল প্রস্তুত করেই রেখেছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার। সোমবার রাতে সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ক্যারিবিয়ানদের কফিনের শেষ পেরেকটা ঠুকে দিল ভারতের বোলিং লাইন আপ।
নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২১০ রান করেই অলআউট হয়ে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকার সাবাইনা পার্কে সফরকারী ভারত জিতল ২৫৭ রানের বিশাল ব্যবধানে। এর ফলে, দুই ম্যাচের দুইটিতেই জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের দুঃস্বপ্ন উপহার দিল বিরাটের দল। শুধু তাই নয়, ২-০ টেস্ট জিতে ১২০ পয়েন্ট ঝুলিতে ভরে চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষস্থান দখল করলেন কোহলিরা।
এই জয় দিয়ে টেস্টে জয়ের সংখ্যায় মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি। ৪৮টি ম্যাচ অধিনায়কত্ব করে তিনি দলকে জেতালেন ২৮টি টেস্ট। ভারতকে মহেন্দ্র সিং ধোনিও জিতিয়েছেন ২৭টি টেস্ট। অধিনায়কত্ব করেছেন ৬০টিতে। আর দেশের বাইরে এটা অধিনায়ক কোহলির ১৩তম জয়। ৪৮ টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার পর কোহলির চেয়ে জয়ের দিক থেকে এগিয়ে আছেন কেবল দুই জন। তারা হলেন দুই অস্ট্রেলিয়ান—স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং। ৪৮টি টেস্ট শেষে সাবেক এই দুই অধিনায়ক যথাক্রমে ৩৬ ও ৩৩টি করে ম্যাচ জিতিয়েছিলেন অস্ট্রেলিয়াকে।
প্রথম ইনিংসে ভারত করে ৪১৬ রান। তার জবাবে পেসার জাসপ্রিত বুমরাহর বোলিং তোপের সামনে মাত্র ১১৭ রান করে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। হ্যাটট্রিকসহ বুমরাহ নেন ছয় উইকেট। এরপর স্বাগতিক আর ফলোঅনে না ফেলে পুনরায় ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি।
ভারত চার উইকেট হারিয়ে ১৬৮ রান করেই ইনিংস ঘোষণা করে। আজিঙ্কা রাহানে দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করে অপরাজিত ছিলেন। অন্যদিকে প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়া হনুমা বিহারী এই ইনিংসেও ছন্দে ছিলেন। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৩ রান।
জবাব দিতে নেমে তৃতীয় দিনে ১৩ ওভার ব্যাটিং করার সুযোগ পায় ক্যারিবিয়ানরা। ভারতীয় বোলাররা এর পুরোটা কাজে লাগান। দুই উইকেট হারিয়ে ৪৫ রান তুলে দিন শেষ করে ক্যারিবিয়ানরা। চতুর্থ দিনে আর মাত্র ৪৬.৫ ওভার স্থায়ী হয় স্বাগতিকদের ইনিংস। ভারতের হয়ে তিনটি করে উইকেট পান মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। দুইটি উইকেট নেন ইশান্ত শর্মা। দুই ইনিংসেই রান পাওয়া হনুমা বিহারী পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
