গত ২৮ আগস্ট তারিখে দৈনিক ইত্তেফাকের ৫ম পৃষ্ঠায় শেখ রাসেল এভিয়ারী অ্যান্ড ইকো পার্কের উন্নয়নকাজে ধীরগতি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে কোদালা বন বিট কর্মকর্তা মো. হারুনুর রশিদ বাবলু জানিয়েছেন, ‘শেখ রাসেল এভিয়ারী অ্যান্ড ইকো পার্কের পাশে কোদালা বন রেঞ্জ নামে কোনো বন রেঞ্জ নাই। ইকো পার্কের পাশে গাড়ি পার্কিং স্পট ভরাট কাজে কোদালা বিটের সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ি ও সমতল ভূমি হতে কোনো মাটি কাটা হয়নি। পার্কিং স্পটে মাটি ভরাটের কাজে গুমাইঝিল মৌজার খতিয়ান নম্বর ২৬৮, জেএল নম্বর ২৪, বিএস দাগ নম্বর ৫৫৩, ৫৫৪, ৫৫৫, ৫৫৬, ৫৫৭ ও ৫৬০-এর খতিয়ানভুক্ত ঐ দাগসমূহ ব্যক্তি মালিকানাধীন। সমতল ভূমিতে পুকুর খনন করে, সে মাটি দিয়ে ইকো পার্কের গাড়ি পার্কিং স্পট ভরাট কাজ চলছে। বনাঞ্চলের ভেতরে নতুন কোনো রাস্তা তৈরি করা হয়নি। মূলত রাস্তাটি অনেক আগের।’
প্রতিবেদকের বক্তব্য
সংবাদের একাধিক স্থানে রাঙ্গুনিয়া বন রেঞ্জের কোদালা বন বিট উল্লেখ আছে। কোদালা বন রেঞ্জ লেখা ত্রুটির অজুহাতে দায় এড়ানো যায় না। পার্কিং স্পটটি কোদালা বন বিট কার্যালয়ের নিকটে। সরেজমিনে পরিদর্শন এবং এলাকার লোকজনের জিজ্ঞাসাবাদে সচিত্র সংবাদটি করা হয়েছে।
