রাবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম ধাপের আবেদন মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে প্রাথমিক আবেদন করতে হবে। আগামী ২০-২২ অক্টোবর অনুষ্ঠিতব্য তিনটি ইউনিটে (এ, বি ও সি) পরীক্ষার জন্য কেবল ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরাই আবেদন করতে পারবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ইউনিট প্রতি ৩২ হাজার ভর্তি-ইচ্ছুক চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন। সুযোগপ্রাপ্তদের পরবর্তীতে ১৩২০ টাকা (সার্ভিস চার্জসহ) ফি জমা দিতে হবে। ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত আবেদন করা যাবে।