শরণখোলা-মোরেলগঞ্জ মহাসড়ক দেবে ভারী যান চলাচল বন্ধ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলা-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তাফালবাড়ী বাজার অংশে কলেজিয়েট স্কুলের পাশে রাস্তা দেবে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। শরণখোলা-মোরেলগঞ্জ-মোংলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শামিম আহসান পলাশ জানান, শনিবার সকালে মহাসড়কের তাফালবাড়ী কলেজিয়েট স্কুল সংলগ্ন রাস্তার প্রায় ৩০ মিটার জায়গা পাশের পুকুরে দেবে গেছে। এ কারণে শনিবার থেকে ঐ পথে যাত্রীবাহী বাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস বলেন, রাস্তা দেবে যাওয়ার বিষয়টি তিনি জানেন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে শিগগিরই রাস্তা চলাচল উপযোগী করা হবে।