অবৈধ সম্পদ অর্জনের মামলা
ইত্তেফাক রিপোর্ট
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা তদন্তের অংশ হিসেবে পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের একটি কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানায়, ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে গত ২৪ জুন মিজানুরের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোটো ভাই মাহবুবুর রহমান ও ভাগনে মাহমুদুল হাসানকে আসামি করা হয়। এরপর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গত ২ জুলাই গ্রেফতার হন ডিআইজি মিজান। এছাড়া ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে গত ১৬ জুলাই দুদকের পরিচালক (বরখাস্ত) খন্দকার এনামুল বাছির ও ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদক আরেকটি মামলা করে। ঐ মামলায়ও মিজানকে গ্রেফতার দেখানো হয়েছে। মূলত ২ জুলাই থেকে ডিআইজি মিজান কারাগারে আটক রয়েছেন।
