আসামের নাগরিকপঞ্জি ভারতের অভ্যন্তরীণ বিষয় :ওবায়দুল কাদের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) সমস্যা প্রসঙ্গে বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার আমাদের আশ্বস্ত করেছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাই এ নিয়ে আগেভাগে আমরা উদ্বিগ্ন কেনো হবো। গতকাল মঙ্গলবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা নিয়ে আমরা আন্তর্জাতিকভাবে কাজ করছি। একবার তারা দিনক্ষণ ঠিক করে যায়নি বলে আবার যাবে না-এমনটি ভাবার কিছু নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে ব্যবস্থা আগস্ট মাসে স্থগিত ছিল। বিদ্রোহীদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। তাদের শোকজ করা হবে। ১৪ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু হবে। জাতীয় সম্মেলন নিয়ে কার্যনির্বাহী সভায় আলোচনা হতে পারে। সম্মেলন করা নিয়ে আওয়ামী লীগ প্রস্তুত। ওবায়দুল কাদের বলেন, রংপুর-৩ আসনের উপ-নির্বাচন নিয়ে ৭ সেপ্টেম্বর দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। একই সাথে কয়েকটি উপজেলা নির্বাচন নিয়ে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাও হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিসবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, মারুফা আক্তার পপি প্রমুখ।