ঘুষ লেনদেনের মামলা

এনামুল বাছিরকে জামিন দেয়নি হাইকোর্ট

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৬

ঘুষ লেনদেনের মামলায় দুদকের সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক এনামুল বাছিরকে জামিন দেয়নি হাইকোর্ট। তবে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন আবেদনটি ফেরত দিয়েছে আদালত। বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এ এস এম আবদুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।

জামিনের বিরোধিতা করে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান আদালতে বলেন, ঘুষ লেনদেন করে ডিআইজি মিজান যেমন পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছেন তেমনি দুদকের ভাবমূর্তি নষ্ট করেছেন বাছির। দুদকের জন্য এরচেয়ে লজ্জার বিষয় আর নেই।

জামিন শুনানিতে বাছিরের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, এনামুল বাছির দুইবার স্ট্রোক করেছেন। তিনি ডায়বেটিক রোগী। তাকে জামিন দেওয়া হোক। উভয় পক্ষের শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেয়। এর আগে একই মামলায় গত ২৩ জুলাই জামিন না-মঞ্জুর করে বাছিরকে কারাগারে পাঠায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত।