বিএআইইউএসটির সঙ্গে ১৫টি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক চুক্তি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (বিএআইইউএসটি) সঙ্গে শনিবার দেশের ১৫টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএআইইউএসটির সিএসই বিভাগের চতুর্থ বর্ষের সমাপনী ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ও চাকরির সুযোগ সৃষ্টি করা এবং পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল এডভাইজরি প্যানেল হিসেবে কাজ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএআইইউএসটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল কেএম সালজার হোসেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ডাটা সফট্, লিনাক্স পাঠশালা, এডু সফট্, বিজনেস অটোমেশন, গ্রামীণফোন, ব্র্যাক আইটি, ড্যাফোডিল সফটওয়্যার, অপটিমাল টেকনোলজি, মীর টেলিকম, ওমেন ইন ডিজিটাল, ওপাস টেকনোলজি, এসএসএল ওয়্যারলেস, এপস্ কোড লি., ম্যাঙ্গো টেলি সার্ভিস, কানেক্ট বিডি লি.। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের মাঝে সমঝোতা স্মারক চুক্তিপত্র হস্তান্তর করা হয়।