ক্যালিফোর্নিয়ায় নৌকায় অগ্নিকান্ডে ২০ লাশ উদ্ধার, নিখোঁজ ১৪

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নৌকায় অগ্নিকান্ডে অন্তত ২০ জন মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি ১৪ জন নিখোঁজ রয়েছেন। তারা নৌকার ডেকের নিচে আটকা পড়েছিলেন বলে মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, নিখোঁজ ১৪ জনও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার রাতে ৩৯ আরোহী বহন করা নৌকাটিতে আগুন লাগে। ৫ ক্রু বেঁচে যান এবং তাদের উদ্ধার করে কোস্টগার্ড। লস অ্যাঞ্জেলস থেকে ১৪৫ কিলোমিটার পশ্চিমে সান্তা ক্রুজ দ্বীপের মাত্র ২৩ মিটার দূরে স্কুবা ডাইভিং জলযান ‘কনসেপশন’ নোঙর করা ছিল। এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, সোমবার ভোর সোয়া ৩টার দিকে নৌকাটিতে আগুন লাগে। দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। কোস্ট গার্ড কর্মকর্তা শেরিফ বিল ব্রাউন জানান, নৌকাটিতে আগুন লাগার সময় ৩৯ জন আরোহী ছিলেন। পরে এটি ধোঁয়ায় ছেয়ে যায়। বিল ব্রাউন বলেন, আগুন লাগার সময় অক্সিজেন বা প্রোপেন ট্যাংকে বিস্ফোরণ হতে পারে। -সিএনএন