ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের’ প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর তিনি এ পদে যোগ দেবেন। গতকাল মঙ্গলবার সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ডিএমপি কমিশনার হিসেবে এক মাসের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষে অর্থাত্ আগামী ১৪ সেপ্টেম্বর যোগদান থেকে তিন বছরের জন্য আছাদুজ্জামানকে জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। একইসঙ্গে জনস্বার্থের এই আদেশ শিগিগর বাস্তবায়ন করা হবে। ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের’ প্রধান নির্বাহী কর্মকর্তার পদটি সচিব পদমর্যাদার।
গত ১৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনে সম্প্রতি অবসরোত্তর ছুটিতে যাওয়া এই কমিশনারকে আবারও একই পদে নিয়োগ দেয়। এ হিসেবে ১৩ সেপ্টেম্বর তার এ নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৫ সালের ৭ জানুয়ারি ডিএমপির কমিশনার হিসেবে যোগ দেন আছাদুজ্জামান মিয়া। চার বছর সাত মাসেরও বেশি সময় ধরে তিনি এ দায়িত্ব পালন করেন। মহানগর পুলিশ কমিশনার পদে এত সময় অতীতে কেউ দায়িত্ব পালন করেননি।
মো. আছাদুজ্জামান মিয়ার ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় জঙ্গিবাদ দমন ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে ব্যাপক সাফল্য আসে। এ ছাড়া ঢাকা শহরের বাসিন্দাদের তথ্য পুলিশের একটি সার্ভারে নিয়ে এসে সর্বমহলে প্রশংসিত হয়েছেন তিনি।
