বগুড়া শাজাহানপুর উপজেলার শাকপালা দীঘিরপাড় এলাকায় নূরজাহান (৩০) নামে এক নববধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত নুরজাহান ওই এলাকার শাহীন মিয়ার স্ত্রী। তার স্বামীই তাকে হত্যা করেছে বলে ধারণা পুলিশের। মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ ঘরের দরজার তালা ভেঙে নিহতের লাশ উদ্ধার করে।
ঘটনার পর নিহতের স্বামী শাহীন পলাতক থাকলেও বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে। শাহিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কাজ করে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বগুড়া সদর উপজেলার কদিমপাড়ার দৌলতজ্জামানের ছেলে শাহিনের সঙ্গে গত ১৬ আগস্ট জেলার শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত সাবাশ সাকিদারের মেয়ে নূরজাহানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা শাকপালা দীঘিরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো।
আরও পড়ুন: কুষ্টিয়ায় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩ জনের
স্থানীয়দের ধারণা, সন্ধ্যার পর তার স্বামী শাহিন নূরজাহানকে ঘরের ভেতর গলাকেটে হত্যা করে। এরপর ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই নূরজাহানের লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/জেডএইচডি
