মো. আমিরুজ্জামান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়াণ দিবসে উদীচী শিল্পীগোষ্ঠী নানা কর্মসূচি পালন করেছে। গত ২৭ আগস্ট রাতে এ উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি ও নজরুলসংগীতের আয়োজন করা হয় উদীচী কার্যালয়ে। ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীরের সভাপতিত্বে নজরুলের জীবনীভিত্তিক আলোচনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান।
এছাড়াও আলোচনায় অংশ নেন সৈয়দপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কোহিনূর বেগম, কথাসাহিত্যিক আকমল সরকার রাজু, উদীচী সৈয়দপুরের সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু ও যুব নেতা মাহাবুব। আলোচনা শেষে একক সংগীত পরিবেশন করেন উদীচী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-সভাপতি মোসলেমা সামাদ, ইফফাত জামান কলি, তাসনিম মিশু, একুশি, বিথী জামান, শরীফা, শেখ রোবায়েত ও ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীর। নজরুলের কবিতা আবৃত্তি করেন মৌমিতা, ফারহানা, ডেইজি আদানী ও অপু। অনুষ্ঠানে সংগীত পরিচালনায় ছিলেন জান্নাতুল ইসলাম কবীর।
তবলায় ছিলেন মিল্টন ও মঞ্চসজ্জায় অপু। চিত্রগ্রাহক ছিলেন আরিফ ও সুদীপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক অপু বিশ্বাস ও ফারহানা সুলতানা।
