মৌলিক গানের অপেক্ষায়

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৩

মা হ মু দু ল  আ মি ন

 

২০১৭ সালের ‘সেরা কণ্ঠ’-এর শীর্ষস্থানীয় কয়েকজনের মধ্যে একজন হলেন কানিজ খাদিজা তিন্নি। প্রতিযোগিতার একটি বিশেষ পর্বে তিনি গেয়েছিলেন শিবলী সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার ‘তুমি আমার এমনই একজন’ গানটি। গানটি গাওয়ার সময় অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গানটির গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিন্নির কণ্ঠে গানটি শুনে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ‘সেরা কণ্ঠ ২০১৭’-এর চূড়ান্ত পর্বে যদি তিন্নি বাদ পড়ে যান তাহলে খুব অন্যায় হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। কিন্তু তারপরও নিয়মের ধারাবাহিকতায় বাদ পড়তে হয় তিন্নিকে। কিন্তু থেমে যাননি তিনি। যার মধ্যে সংগীতের এক দুর্নিবার সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, সেই তিন্নি এখন স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত থাকেন সংগীতে নিজের যোগ্যতা দিয়েই। আজ ও আগামী ১৭ সেপ্টেম্বর দুটো স্টেজ শোতে পারফর্ম করবেন তিনি। যদিও বা এখনো তিন্নির মৌলিক কোনো গান প্রকাশিত হয়নি। কিন্তু তারপরও তিনি আশাবাদী হয়তো ভালো কিছু অপেক্ষা করছে সামনে। মাত্র চার বছর বয়সেই গুনগুনিয়ে গান গাইতে পারতেন। ছয় বছর বয়সে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ বছরের সংগীতের কোর্সে ভর্তি হওয়ার আগেই গানে তার হাতে খড়ি হয় শিল্পকলার শিক্ষক মায়া ঘোষের কাছে। তার গানের বড় অনুপ্রেরণা তার বাবা কাওসার ইমাম ও মা রুনা লায়লা। গানে তার আদর্শ শাহনাজ রহমতুল্লাহ, মিতালী মুখার্জি ও লতা মুঙ্গেশকর। ভালো লাগে রুনা লায়লা ও সামিনা চৌধুরীর গান। তিন্নি চার বছর ড. রেজওয়ান আলীর কাছে উচ্চাঙ্গ সংগীতে তালিম নিয়েছেন। পরবর্তীতে ২০১৭-তে ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় নাম লেখান তিনি। সেই জার্নিটা তার নিজেকে পেশাগত সংগীতশিল্পী হিসেবে গড়ে তুলতে দারুণভাবে সহযোগিতা করেছে। তিন্নি বলেন, ‘অনেক বিখ্যাত শিল্পী হওয়ার বাসনা নেই। কিন্তু খুব ভালো একজন মানুষ হতে চাই, যাতে আমার বাবা-মা গর্ব করতে পারেন। আর খুব ভালো একজন শিল্পী হতে চাই, চাই শুদ্ধ সুরে সঠিকভাবে গান গাইতে।’