নাগরিক টিভিতে নতুন দুই ধারাবাহিক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৪

নাগরিক টিভিতে গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নতুন দুটি ধারাবাহিক নাটক। একটির নাম ‘চিটার ডট কম’। অন্যটির নাম ‘আম্মানী’। ‘চিটার ডটকম’ দেখা যাবে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায়। অভিনয় করেছেন আ খ ম হাসান, স্বাগতা, শামীম জামান, ইশানা, মুকিত জাকারিয়া, মিশু সাব্বির, জামিলসহ অনেকে। আর ‘আম্মানী’ থাকছে প্রতি শনি, রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া, ফারুক আহমেদ, নাবিলা ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

রুহুল আমিন পথিকের রচনায় এবং শামীম জামানের পরিচালনায় ‘চিটার ডটকম’ হলো হাস্যোদ্দীপক ধারাবাহিক নাটক। কাশিপুর গ্রামের প্রায় সব লোকই চিটার! তাই এই গ্রামটি হয়ে ওঠে ‘চিটার ডটকম’ নামে আখ্যায়িত। এই গ্রামে, বাস করে বিভিন্ন কিসিমের চিটার! কমরেট, এমন প্রকৃতির চিটার! মিথ্যা বলে মানুষের ভিতর দ্বন্দ্বের সৃষ্টি করে সে ফায়দা লোটে। তার একটি অস্থায়ী চেম্বার আছে। সে নিজেকে শহরের বড় ব্যারিস্টার বলে পরিচয় দেয়। মানুষের ভিতর দ্বন্দ্বের সৃষ্টি করলে, ওই মানুষেরাই তার কাছে ছুটে আসে আইনের পরামর্শ নিতে। সে আরো উল্টো পরামর্শ দেয়, যাতে দ্বন্দ্বটা আরো জোরালোভাবে লাগে এবং সে মোটা অঙ্কের অর্থ ইনকাম করতে পারে। কমরেটের একটা সাগরেদ আছে, যার নাম কাসু। সে সবসময় মোটা আইনের বই নিয়ে তার পিছে পিছে ঘোরে। কমরেটের ঘরে আছে তার বউ! সে বউয়ের কাছে মহা আইন বিশেষজ্ঞ বলে নিজেকে জাহির করে। পক্ষান্তরে দেখা যায়, গ্রামের ছাগল, হাঁস, মুরগির কোনো ক্ষতি হলেই প্রতিবেশীরা সেই গরু, ছাগল, হাস, মুরগি নিয়ে ছুটে আসে এই আইন বিশেষজ্ঞের বাড়িতে। টিংকু এই গ্রামের আরেকজন ধুর্ত প্রকৃতির চিটার! সে মানুষের কাছে এমনভাবে চাপাবাজি করে মানুষের বিশ্বাস না করে উপায় থাকে না।

‘আম্মানী’ মানে হচ্ছে মা। পৃথিবীর সকল সন্তানদের আশ্রয় হচ্ছে মায়ের আঁচলের নিচে। মিজান ও হাবিব মায়ের দুই সন্তান হলেও ছোট ছেলে হচ্ছে মায়ের প্রিয়, আর বড় ছেলে হচ্ছে বাবার। ছোট ছেলে যাই করুক, বাবার চোখে তা ভুল হলেও মায়ের চোখে তা ঠিক। আবার বড় ছেলে যাই করুক, মায়ের কাছে ভুল হলেও বাবার কাছে ঠিক। মূলত দুই ভাইয়ের কর্মকাণ্ড নিয়েই গড়ে ওঠে নানা রকমের গল্প। কখনো কখনো মায়ের সাপোর্ট নিয়ে দুই ছেলে সুবিধা নেয় আবার কখনো কখনো বাবার সাপোর্ট নিয়ে দুই ছেলে সুবিধা নেয়। সব দিক দিয়ে দুই ভাইয়ের মতামত ভিন্ন হলেও টাকা অর্থ বা সম্পদ সে ক্ষেত্রে দুই ভাই আবার এক হয়ে যায়। অন্যদিকে মা-বাবার লেগে থাকে সারাক্ষণ ঝগড়া, ঝামেলা। কারণ বাবা একটু গ্রামের যুবতী মেয়েদের সঙ্গে দুষ্টুমি করতে পছন্দ করেন। সে বিচার আসে আবার ছেলেদের কাছে মায়ের কাছে। আম্মানী মূলত মায়ের গল্প, পরিবারের গল্প। যেখানে দেখা যায়, একজন সহজ-সরল মা কিভাবে সন্তানদের রক্ষা করেন এবং সন্তানরা সেই সরলতার সুযোগকে কাজে লাগিয়ে নানা ঘটনা ঘটাতে থাকে।