কলম্বিয়ায় মাদক চক্রের হামলায় ৪ সেনা নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০

উত্তর কলম্বিয়ায় ককেশিয়া শহরের কাছে এক অ্যামবুশে চার সেনা নিহত এবং আরো দুই জন আহত হয়েছেন। গাল্ফ ক্ল্যান নামে পরিচিত একটি শক্তিশালী অপরাধী গ্যাং এই হামলার পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাল্ফ ক্ল্যান ও এর প্রতিদ্বন্দ্বী অপরাধী গ্রুপ লস ক্যাপারেপসের মধ্যে গোলাগুলির খবরের পর ঐ সেনাদের এলাকাটিতে পাঠানো হয়েছিল। এলাকাটি কলস্বিয়া থেকে মাদক পাচার হওয়ার একটি প্রধান ট্রানজিট রুট এবং উচ্চমাত্রার সহিংসতাপূর্ণ। কলম্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সেনারা সেখানে পৌঁছার পর গাল্ফ ক্ল্যানের সদস্যরা সরাসরি গুলি চালায়। এতে চার সেনা নিহত এবং দুই জন আহত হন। এ ঘটনার পর হামলার জন্য দায়ীদের ধরতে সেখানে ভূমি ও আকাশপথে নতুন করে সেনা পাঠানো হয়েছে।

কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী বলেছে, গাল্ফ ক্ল্যান দেশটির সবচেয়ে শক্তিশালী অপরাধী গ্যাং। এর বিস্তৃত আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘ব্যাপকভাবে অস্ত্রসজ্জিত, অত্যন্ত সহিংস অপরাধী সংগঠন’ হিসেবে বর্ণনা করেছে।

ওটোনিয়েল নামেও পরিচিত ডেইরো আন্তোনিও ওসুগার নেতৃত্বাধীন সংগঠনটি মাদক ও মানব পাচার, বেআইনি সোনা খনন এবং অপহরণের সঙ্গে যুক্ত। ওটোনিয়েলের গ্রেফতারের সঙ্গে সম্পর্কিত তথ্যের জন্য মার্কিন কর্তৃপক্ষ পাঁচ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে।