নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা-দপ্তিয়র সড়কের সদ্য সংস্কারকৃত ৫০০ মিটার সড়ক এক মাসের মাথায় ধসে গেছে। ফলে রাস্তাটি চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ নিয়ে গত ২ সেপ্টেম্বর এলাকাবাসী মানববন্ধন করে।
উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, গত অর্থবছরে উপজেলার ভাদ্রা-দপ্তিয়র সড়কের ধুনাইলে বিডিআরের বাড়ি নামক স্থান থেকে রাজ্জাকের বাড়ি পর্যন্ত রাস্তার ৫০০ মিটার অংশ সংস্কার বরাদ্দ হয়। রাস্তা সংস্কারের কাজ গত অর্থবছরে শেষ করার কথা থাকলেও শেষ হয় আগস্টের প্রথম সপ্তাহে।
দপ্তিয়র ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিতুজ্জামান তুনির বলেন, চলতি বর্ষা মৌসুমেই রাস্তাটির ৫০০ মিটার অংশ সংস্কার করা হয়। রাস্তা সংস্কারের শুরু থেকেই অনিয়ম ও দুর্নীতি শুরু হয়। নিম্নমানের নির্মাণ সামগ্রী ও গাইড ওয়াল নির্মাণের সময় পুরাতন গাছের গুঁড়ি রেখেই কাজ করায় রাস্তার বেহাল দশা। এখন সড়কটির বিভিন্ন স্থানে ধস নেমে অধিকাংশ স্থান বিলীন হওয়ার অবস্থার সৃষ্টি হয়েছে।
ধুনাইল গ্রামের কাউসার মিয়া বলেন, রাস্তাটি নির্মাণের সময় ঠিকাদার অনেকটা বাতিল ইট ও কংক্রিট ব্যবহার করেছে। এছাড়া বিটুমিনও ছিল অনেক নিম্নমানের। রাস্তার দুই পাশের পাড়গুলোও ঠিকভাবে বাঁধাই করা হয়নি। খালের পাশ দিয়ে ওয়ালগুলো করা হয়েছে খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) টাঙ্গাইল জেলা শাখার প্রকৌশলী মো. গোলাম আজম ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারকে রাস্তা সংস্কার ও গাইড ওয়াল মেরামত করার নির্দেশ দিয়েছেন বলে জানান এসও মো. মইনুল ইসলাম। আগামী দুই-এক দিনের মধ্যেই পুনঃনির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন।
