বাঁশখালীতে বন্যহাতি আতঙ্কে স্থানীয়রা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ও সাধনপুর ইউনিয়নের লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির পাল। হাতির আক্রমণে ঐ এলাকার বসতঘর ক্ষতিগ্রস্তসহ আহত হচ্ছে বাসিন্দারা। হামলায় গত এক সপ্তাহে আহত হয়েছে অন্তত ১২ জন। এদিকে প্রতিনিয়ত বন্যহাতির পাল লোকালয়ে হানা দিলেও সংশ্লিষ্ট বন কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

গত রবিবার সরজমিন পরিদর্শনে গেলে দেখা যায়, পুকুরিয়া ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় বন্যহাতির হামলায় তিন বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় মো. আমিন (৪৫) ও তার শিশুপুত্র ছায়েমুল হাছান (৪) আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিত্সা নিচ্ছে বলে জানা যায়। অপরদিকে গত শনিবার রাত ২টার দিকে স্থানীয় পূর্ব দিকের পাহাড় থেকে নেমে আসা একটি বন্যহাতি সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম ৫ নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়ার তিনটি বসতঘরের দেয়াল ভেঙে ফেলে। এ সময় স্থানীয়রা একত্রিত হয়ে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করলে হাতিটি পাহাড়ের দিকে চলে যায়। গত রবিবার রাত ১টার দিকে একই ইউনিয়নের বাণীগ্রাম ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুর আহম্মদের পুত্র আবুল হোসেনের বসতঘরে হানা দেয় একটি বন্যহাতি। এ সময় তার ব্যবসায়িক মালামালের গোডাউনের দরজা, জানালা ও ব্যবহূত জিনিসপত্র হাতিটির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যহাতির পাল প্রতিনিয়ত গভীর রাতে পুকুরিয়া ও সাধনপুরের লোকালয়ে হামলা চালিয়ে আসছে। ফলে রাত হলেই ঐ এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে।