চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের দায়ে ফিনলে প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার এ সংক্রান্ত অভিযোগের ওপর শুনানি শেষে জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক। এছাড়া গতকাল পৃথক অভিযোগের শুনানি শেষে পরিবেশ ছাড়পত্র না নিয়ে সিগারেট প্রস্তুত করার অপরাধে ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৭০ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার নগরীর কাতালগঞ্জে নির্মাণাধীন ফিনলে এম এন মেরি গোল্ড নামে ভবনের প্রকল্প এবং চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকায় ইন্টারন্যাশনাল টোবাকো পরিদর্শন করে অধিদপ্তরের টিম। পরিদর্শনে পাহাড় কেটে ফিনলে প্রোপার্টিজের ১৮ তলা ভবনের নির্মাণ কাজ শুরুর সত্যতা পাওয়া গেছে।
