ভেড়ামারায় সোহাগ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

ভেড়ামারা থানায় দায়ের করা সোহাগ হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসি ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বুধবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের আহাদ আলীর ছেলে নাজমুল ও ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকার আবুল কালামের ছেলে রনি। আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ অক্টোবর সকালে কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে সোহাগকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। এর দুই দিন পর ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন ইপিল ইপিল বাগান থেকে সোহাগের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সোহাগের খালু শহিদুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত পাঁচ জনকে আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।