২৫ বাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩১

ডিএনসিসিতে চিরুনি অভিযান

ইত্তেফাক রিপোর্ট

এডিস মশা নির্মূলে গত ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১ নম্বর ওয়ার্ড থেকে ৩৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত ‘চিরুনি অভিযান’ চালানো হয়। অভিযানকালে বিভিন্ন কারণে কিছু বাড়ি ও স্থাপনা বাদ পড়ে। এসব বাড়ি ও স্থাপনায় গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার ‘চিরুনি অভিযান’ চালানো হচ্ছে। এছাড়া এডিস মশা নির্মূলে গতকালও ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত ছিল। এসময় মিরপুরে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফিউল আজম ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ডিএনসিসি সূত্রে জানা যায়, পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীরা গতকাল বুধবার ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে বাদ পড়া ৭ হাজার ২৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ২৫টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পায়। এসময় লার্ভা পাওয়া বাড়ি ও স্থাপনাগুলোতে ‘এ বাড়ি-স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়। এছাড়া ৪ হাজার ৩৯৭টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান ও জমে থাকা পানি পাওয়া যায়।