ইত্তেফাক রিপোর্ট
অবৈধভাবে সাবান-ডিটারজেন্ট ও বৈদ্যুতিক মালামাল তৈরির অপরাধে তিনটি প্রতিষ্ঠানে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত সাভারের আশুলিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানায় র্যাব। প্রতিষ্ঠান তিনটি হলো—জান্নাত ইন্ডাস্ট্রিজ বিডি, রক্স সোপ অ্যান্ড কসমেটিক ও এভারওয়ে টয়লেট্রিজ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহম্মেদ। আদালতকে সহায়তা করে মেজর শিবলী মোস্তফার নেতৃত্বে র্যাব-৪-এর একটি দল ও বিএসটিআইয়ের কর্মকর্তারা।
র্যাব-৪-এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গোয়েন্দা তথ্যে আশুলিয়ার কাঠগড়া, খেজুরবাগান ও কুমকুমারী এলাকার তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে আদালত দেখতে পায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানগুলোতে সাবান, ডিটারজেন্ট ও বৈদ্যুতিক বিভিন্ন পণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এসব অপরাধে জান্নাত ইন্ডাস্ট্রিজের ম্যানেজার নাসির উল্যাহকে ১০ লাখ টাকা, রক্স সোপ অ্যান্ড কসমেটিক প্রতিষ্ঠানের পরিচালক হাবিবুল্লাহকে ৩০ লাখ টাকা ও এভারওয়ে টয়লেট্রিজের পরিচালক খালেদ আহমেদকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জান্নাত ইন্ডাস্ট্রিজ ও এভারওয়ে টয়লেট্রিজ থেকে বেশকিছু মালামাল উদ্ধার করে তা ধ্বংস করা হয়।
