রোহিঙ্গা নিয়ে একটি মহল অশুভ খেলায় মেতেছে :নাসিম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:০২

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, একটি মহল দেশে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে অশুভ খেলায় মেতে উঠেছে। গতকাল বুধবার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের মুলিবাড়ি চেক পোস্টের কাছে ট্রমা হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। অনেক উন্নত দেশ যেখানে শরণার্থীদের আশ্রয় দিতে ভয় পায়, সেখানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানবিক কারণে প্রায় সাড়ে ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে খাদ্য চিকিত্সাসহ সকল সহযোগিতা দিয়েছেন। কিন্তু সেই রোহিঙ্গারা একটি মহলের কাঁধে ভর করে এখন নানা অপরাধে জড়িয়ে পড়েছে।

মোহাম্মদ নাসিম রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ শান্তি বিরাজ করায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। গ্রামে গ্রামে বিদ্যুত্ পৌঁছেছে। গ্রাম ও শহর প্রায় সমান্তরাল উন্নয়ন অগ্রগতিতে ধাবিত হচ্ছে। মোহাম্মদ নাসিম সড়কপথে মুলিবাড়িতে পৌঁছে প্রথমেই জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম. মনসুর আলীর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, সহকারী প্রকৌশলী মাহবুবা আক্তার, উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি কাজিপুরের বেড়িপোটলে নির্মিত আমেনা মনসুর ইন্সটিটিউট অব টেক্সটাইল প্রকল্প পরিদর্শন করেন। রাতে গান্ধাইলে যুবলীগের সহসভাপতি সদ্য প্রয়াত উজ্জলের বাসায় যান এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।