কাশ্মীর ইস্যুতে লন্ডনে ভারতের হাইকমিশনের বাইরে বিক্ষোভ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের হামলায় হাইকমিশনের জানালার কাচ ভেঙে গেছে।

গতকাল টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে শত শত বাসে করে আসা      প্রায় ১০ হাজার ব্রিটিশ পাকিস্তানি ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’ ব্যানারে বিক্ষোভে অংশ নেন। এই বিক্ষোভে যুক্তরাজ্যের লেবার পার্টির কয়েকজন এমপিও যোগ দেন। বিক্ষোভকারীরা শত শত ডিম, টমেটো, জুতা, পাথর, স্মোক বোমা ও বোতল ভারতীয় হাইকমিশন লক্ষ্য করে ছুড়ে মারেন। একপর্যায়ে ভারতীয় হাইকমিশনের জানালার কাচ ভেঙে ফেলেন তারা। ক্ষতিগ্রস্ত জানালার কয়েকটি ছবি হাইকমিশন নিজেদের টুইটার পেজে পোস্ট করেছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বলেছেন, এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন লন্ডনের মেয়র সাদিক খান।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের ঘোষণা দেয় সরকার। ভারত সরকারের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে আসছে পাকিস্তান।

এদিকে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের স্বচ্ছ তদন্তের তাগিদ দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে দেওয়া বক্তব্যে এ তাগিদ দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। এনডিটিভির খবরে বলা হয়েছে, এর আগে গত ৭ আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক ফোনালাপে এ বিষয়ে উদ্বেগের কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু ও কাশ্মীরে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে মোবাইল ফোনের সংযোগ পুনরায় চালু হবে। মঙ্গলবার দিল্লিতে জম্মু-কাশ্মীরের পঞ্চায়েতপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের একটি প্রতিনিধিদল সাক্ষাত্ করতে গেলে অমিত শাহ এ আশ্বাস দেন।

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, কাশ্মীরে ভারতের পদক্ষেপে আঞ্চলিক শান্তি হুমকির মুখে পড়ছে। ভারতের কাজে যুদ্ধের বীজ বপন হচ্ছে। রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে।

কাশ্মীর ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে

ফোন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে ভারত যে একতরফা পদক্ষেপ নিয়েছে, তা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন কুরেশি। কাশ্মীরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানকার পরিস্থিতি এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড়ো হুমকি সৃষ্টি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিরসনের ওপর জোর দিয়েছেন। এদিকে কাশ্মীরিদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে ইরান। মঙ্গলবার টেলিফোনে কাশ্মীর ইস্যুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভাদ জারিফের সঙ্গে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জারিফ। তিনি উপত্যকার জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতার ওপর জোর দেন।