বরিশালে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৬

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে ও প্রয়োজনীয় নীতিমালা চালু করে রিকশা চলার অনুমতি দেওয়ার দাবিতে সমাবেশ, মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। বরিশাল রিকশা-ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন, ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম কমিটি ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ সভাপতিত্ব করেন রিকশা ইউনিয়নের কন্ট্রোল কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন দিদার ও পরিচালনা করেন রিকশা ইউনিয়নের দপ্তর সম্পাদক সুশান্ত সুকুল। বক্তব্য রাখেন রিকশা ইউনিয়নের উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবীব রুমন, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, রিকশা ইউনিয়নের নেতা বাবুল তালুকদার, মহসীন মীর প্রমুখ। এসময় বক্তারা বলেন, গত দুই সপ্তাহ ধরে নগরীর বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে ব্যাটারিচালিত রিকশা ভাঙচুর, রিকশা শ্রমিকদের মারধর-হয়রানি, ব্যাটারি মটর খুলে নেওয়া হচ্ছে। এই রিকশাগুলোর সঙ্গে অর্ধ লক্ষ পরিবারের জীবন-জীবিকা যুক্ত, যারা এখন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।