আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর নেতৃত্বে দলের ২০ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে গতকাল বুধবার চীন পৌঁছেছে। প্রতিনিধি দল গুয়াংজু হয়ে নানজিয়াং লুকৌ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে সিপিসি নেতৃবৃন্দ এবং জিয়াংসু পররাষ্ট্র বিষয়ক অফিসের ডিরেক্টর অব প্রটোকল এন্ড ইনফরমেশন জিয়াংসু গাও ইয়ান তাদেরকে বিমান বন্দরে স্বাগত জানান। পরে প্রতিনিধি দলকে সানগ্রিলা হোটেলে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়, সফরকালে তারা এই হোটেলেই অবস্থান করবে।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা হলেন—দলের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফজাল হুসেইন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আব্দুস সবুর, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিপঙ্কর তালুকদার এমপি, মো. আমিরুল আলম মিলন, মো. আজমতুল্লাহ্ খান, এ বি এম রিয়াজুল কবির কাওসার, মো. রফিকুর রহমান, অপরাজিতা হক এমপি, বাসন্তী চাকমা এমপি, আওয়ামী লীগের ঢাকা উত্তর শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল আলম ভুঁইয়া, ঢাকা দক্ষিণ সিটি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য সেলিম মাহমুদ, তরুণ কান্তি দাস, ডিবিসি বার্তা সম্পাদক প্রণব সাহা, দৈনিক জনকণ্ঠের উপসম্পাদক ওবায়দুল কবির মোল্লা, বাসস-এর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মইন উদ্দিন ও বাংলাদেশ প্রতিদিনের মো. রফিকুল ইসলাম রনি।
