সোনা বহন করতে গিয়ে ধরা পড়লেন স্বামী-স্ত্রী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৮

রাজধানীর যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় গতকাল বুধবার সকালে ৩০টি সোনার বারসহ এক দম্পতিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম। আটককৃতরা হলেন—নির্মল সাহা ও তার স্ত্রী তাপসী সাহা। উদ্ধার করা সোনার ওজন প্রায় সাড়ে তিন কেজি। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সকাল পৌনে ৮টার দিকে ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইনের বাস মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে টোল প্লাজায় পৌঁছামাত্র শুল্ক গোয়েন্দা টিমের সদস্যরা বাসটিতে তল্লাশি চালায়। এ সময় যাত্রী নির্মল সাহা ও তার স্ত্রী তাপসী সাহা ৩০ পিস সোনার বার রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানান। পরে তাদেরকে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। পরে তাপসী সাহার কোমর থেকে বেল্ট দিয়ে প্যাঁচানো ৩০টি সোনার বার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানান, ঢাকায় এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে ফেনী থেকে এক ব্যক্তি তাদেরকে এই সোনার বার দিয়েছিল। এর আগে বেশ কয়েকটি চালান তারা এভাবে বহন করেছিলেন।