মোহাম্মদপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর খুন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৭

রাজধানীর মোহাম্মদপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মহসীন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার এ ঘটনায় আরও অন্তত তিন জন আহত হয়। তারা হলো- রুবেল, সাব্বির ও রাকিব। সবার বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। হত্যা-হামলার কারণ সম্পর্কে তাত্ক্ষণিকভাবে জানা গেছে, দুটি কিশোর গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর থানার এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের সঙ্গে কথা বলে এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতার করা গেলে হত্যার কারণ সম্পর্কে জানা যাবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু হূদয় জানায়, চাঁন মিয়া হাউজিং এলাকার পাইওনিয়ার কলেজের দোতলায় বসে তারা আড্ডা দিচ্ছিল। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা উদ্যান এলাকার আসিফ, রকি ও রবিনসহ কয়েকজন কলেজের সামনে এসে তাদের ডাক দেয়। দোতলা থেকে প্রথম নেমে তাদের সামনে যায় মহসীন। এ সময় তার পেটে ছুরিকাঘাত করা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। এর পরপরই রুবেল, সাব্বির ও রাকিব গেলে তাদেরও কোপানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে অন্যরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে মহসিনকে শহীদ সোহওরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিত্সক মৃত ঘোষণা করেন। আহত রাকিবকে একই হাসপাতালে, রুবেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সাব্বিরকে পঙ্গু হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। 

নিহতের ভাই রাজীব হাওলাদার জানান, মহসীন পরিবারের সঙ্গে চাঁন মিয়া হাউজিংয়ের বাগানবাড়ি এলাকার ৭০৯ নম্বর বাসায় থাকত। সে কাটাসুর এলাকার চাইল্ড হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মৃত ইদ্রিস আলী। আহতরা সবাই একই স্কুলের নবম ও দশম শ্রেণিতে পড়াশোনা করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে এক বান্ধবীকে নিয়ে ঢাকা উদ্যান এলাকায় বেড়াতে যায় মহসিন। এ সময় আসিফ-রকিদের গ্রুপ মেয়েটিকে নিয়ে আজেবাজে মন্তব্য করে। এতে মহসিন ক্ষেপে যায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরেই সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের প্রায় সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও বয়সে কিশোর-তরুণ।