মইসুরু বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেসের নেতা সিদ্দারামাইয়া। কিন্তু সংবাদ সম্মেলন থেকে ফেরার সময় বাধে বিপত্তি। বেরিয়ে যাওয়ার সময় সকলের সামনে এক দলীয় কর্মীকে কষিয়ে থাপ্পড় দেন তিনি। বুধবার সাংবাদিকদের সামনেই দলীয় কর্মীকে থাপ্পড় মারার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েন এই নেতা।
জানা গেছে, রাজ্যের দুই জেলা মইসুরু ও কোদাগুর বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন সিদ্দারামাইয়া। ফেরার পথে মইসুরু বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সংবাদিকদের সঙ্গে কথাবার্তা সেরে তিনি যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন তখন তার দিকে একটি মোবাইল ফোন এগিয়ে দেন পাশের এক দলীয় কর্মী। কোনও কারণে এতেই মেজাজ হারান সিদ্দারামাইয়া। সকলের সামনেই সপাটে চড় কষিয়ে দেন ওই কর্মীর গালে। তারপর হাত ধরে টেনে ওই কর্মীকে সঙ্গে নিয়েই হাঁটা লাগান সিদ্দারামাইয়া। সে সময় সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো চালু থাকায় গোটা ঘটনাটাই রেকর্ড হয়ে যায়।
আরো পড়ুন: পূজায় গিয়ে ট্রোলের শিকার সাইফ কন্যা সারা
এই ধরণের বিতর্কে অবশ্য সিদ্দারামাইয়া আগেও জড়িয়েছেন। এ বছরের শুরুতেই রাজ্যের এক কংগ্রেস নেতাকে প্রকাশ্যে ধাক্কা মারেন তিনি। ২০১৬ সালেও এক সরকারি কর্মকর্তাকে থাপ্পড় মেরে বিতর্কে জড়িয়েছিলেন সিদ্দারামাইয়া।
ইত্তেফাক/বিএএফ
