সেরা ভ্যাট প্রদানকারীর সম্মাননা পাচ্ছে ১৪৪ প্রতিষ্ঠান

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:০২

কাল ভ্যাট দিবস

ইত্তেফাক রিপোর্ট

২০১৬-১৭ অর্থবছরে শীর্ষ ভ্যাট পরিশোধকারী হিসেবে দেশব্যাপী ১৪৪ ব্যবসা প্রতিষ্ঠান সম্মাননা পাচ্ছে। এর মধ্যে জাতীয়ভাবে শীর্ষ ৯ প্রতিষ্ঠান পাচ্ছে সম্মাননা। আগামীকাল জাতীয় ভ্যাট (মূল্য সংযোজন কর) দিবস। কাল সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সম্মাননাপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ভ্যাট দিবস উপলক্ষে আগামীকাল সোমবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে থেকে  শোভাযাত্রা বের হবে।

জাতীয় পর্যায়ে পুরস্কারের জন্য মনোনীত ৯টি প্রতিষ্ঠান হলো উত্পাদন খাতে তিতাস গ্যাস ফিল্ডস (ব্রাহ্মণবাড়িয়া), হবিগঞ্জ গ্যাস ফিল্ডস ও শ্রীকাইল গ্যাস ফিল্ড। সেবা খাতে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার (মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার), টিইউভি এসইউডি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ও সময় মিডিয়া লিমিটেড। ব্যবসা পর্যায়ে গাজীপুরের এস সি জনসন  প্রাইভেট লিমিটেড, ওয়ার্টসিলা বাংলাদেশ লিমিটেড ও চট্টগ্রামের দক্ষিণ খুলশি এলাকার কে সি জে এন্ড এসোসিয়েটস লিমিটেড। এছাড়া উত্পাদন, সেবা ও ব্যবসা পর্যায়ে  জেলাভিত্তিক সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পাচ্ছে আরো ১৩৫ প্রতিষ্ঠান।