গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন মাইক্রোবাস চালক জামাল শেখ (৪৫)। আহত হয়েছেন মাইক্রোবাসটির ৩ যাত্রী। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার দাসেরহাট নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল শেখ কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের ফুল মিয়া শেখের ছেলে।
আরও পড়ুন: ছাত্রীর নামে ফেসবুক আইডি খুলে যুবক গ্রেফতার
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ফরিদপুরগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এসএ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মাইক্রো চালক জামাল শেখ (৪৫) নিহত হন। আহত হয় মাইক্রোবাসের ৩ জন যাত্রী। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/অনি
