‘ম্যাচ বাই ম্যাচ’ ভাবছেন মাশরাফি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:০২

দুটি টেস্টেই বাংলাদেশ জয় পেয়েছে তিন দিনের মধ্যে। আবার ওয়ানডের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশই গুঁড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। খেলাটা হচ্ছে বাংলাদেশের মাটিতে। এর সঙ্গে যোগ করুন—ওয়ানডে দলে ফিরছেন পুরোপুরি সুস্থ সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

এ অবস্থায় আগে থেকে বাংলাদেশকে ফেভারিট বলে দেওয়ায় অন্যায় কিছু নেই। অনেকে আবার আজ থেকে শুরু হওয়া সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা যাবে কি না, সেই হিসাব করছেন। কিন্তু বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, এসব হিসাব একদম করতে রাজি নন। তিনি বলছেন, তারা একটা একটা করে ম্যাচ নিয়ে ভাবতে চান।

প্রস্তুতি ম্যাচে সহজ জয় এসেছে বলে একবারে পুরো সিরিজ নিয়ে ভাবাটা উচিত হবে না বলেই বললেন অধিনায়ক, ‘একটা একটা ম্যাচ ভাবা ছাড়া সুযোগ নেই। প্রথম ম্যাচ খেলতে নামার আগে তিনটা ম্যাচ নিয়ে ভাবলে অনেক চাপ আসে। প্রস্তুতি ম্যাচের উইকেট যেমন ছিল, এখানের উইকেট নিশ্চিত ওরকম থাকার কথা না। কারণ এখানে তিনশ রানের ইনিংস আবার চেজ খুব কমই হয়।’

টেস্টে ওয়েস্ট ইন্ডিজ যেমনই করুক, মাশরাফি মনে করেন, পেশিশক্তির কারণেই ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডেতে বড় দল। আর সেই কারণেই দু দল সিরিজ শুরুর আগে একই অবস্থায় আছে বলে তার বিশ্বাস, ‘ওদের দলে কিছু দুর্দান্ত ফাস্ট বোলার আছে। যেটা হয় যে, জোরে বোলারদের অনেক সময় হুটহাট করে উইকেট পড়ে গেলে শুরুতে চাপ আসল, তাই এ জায়গাগুলো চিন্তা করার ব্যাপার আছে। একইভাবে যেটা বললাম যে, ওদের কিছু ব্যাটসম্যান আমাদের থেকে অনেক বেশি সাহায্য পাবে, ওদের মাসল পাওয়ার যেটা আছে। যেটা এই ধরনের ফরম্যাটে খুব বেশি কাজ করে। বিশেষ করে ৪০ ওভার পর্যন্ত যে ফিল্ডিং বাধ্যবাধকতা আছে। তাই আমাদের ওরা যেন জুটি বড় করতে না পারে সেদিকটাও খেয়াল রাখতে হবে।’

তবে মাশরাফি মানছেন যে, সুস্থ সাকিব ও তামিমকে পাওয়াটা তাদের জন্য বড় একটা ব্যাপার হতে যাচ্ছে, ‘অবশ্যই সাকিব তামিম দলে থাকা আমাদের জন্য বিরাট অ্যাডভান্টেজ। প্রস্তুতি ম্যাচেও তামিম দারুণ খেলেছে, এটা তামিমের জন্যও স্বস্তি, আমাদের জন্যও স্বস্তি। ওরা দুইজন থাকা আমাদের জন্য, প্রত্যেক খেলোয়াড়ের জন্য স্বস্তিদায়ক ব্যাপার।’

তবে খেলোয়াড়রা নন, এই সময়ে মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে ভাগ্য গড়ে দিতে পারে শিশির। এই শিশিরের কথা ভেবেই মাশরাফি মনে করেন, ‘এই সময় আমরা গত বছর বিপিএল খেলেছি। রাতের ম্যাচে ডিউ মিরপুরের খুব বেশি প্রভাব ফেলেনি। তবে কোনো কোনো ম্যাচে করেছে। আমরা আগে ব্যাটিং করলাম, বেশি ডিউ হলে কঠিন হয়ে যাবে। আবার কম ডিউ হলে ম্যানেজেবল করা যাবে।’

শিশিরের হিসাব বাদ দিলে টসে জিতলে আগে ব্যাট করতে চান বলে জানিয়ে দিলেন অধিনায়ক। সে ক্ষেত্রে কেমন রান দরকার, তাও জানিয়ে দিলেন, ‘ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে আসলে কত রান আমরা করতে পারবো এটা নির্ভর করছে আমরা কেমন ব্যাটিং করি। তবে স্পষ্টতই এই উইকেটে যেটা হয় ২৬০ সাধারণত অনেক সময় নিরাপদ ধরা হয়। ডিউ পড়লে হয়তো সেটা আরও ২০-২৫ রান দরকার হয়। আর যদি শুরুতে ডিউ না থাকে ২৫০-৪০ তেও আপনারা দেখেছেন আমরা ম্যাচ জিতেছি।’