হানিফ সংকেতের ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’ পুনঃপ্রচার আজ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৯

ঈদ উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের ঈদের প্রশংসিত বিশেষ নাটক ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’ পুনঃপ্রচার করা হবে আজ রাত ৯টায়।

আজকাল সমাজ এবং অনেক পরিবারেই নিজের ভাষাকে বিকৃত করে বাংলিশ চর্চা করা হয়। তেমনি একটি পরিবারের মা এবং সন্তানের বাংলিশ প্রীতি, বাবার প্রতিবাদ এবং আদর্শ পুত্রবধূর আগমনে পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে ঘটতে থাকা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অজ্ঞ-বিজ্ঞ সমাচারের কাহিনি। নাটকটিতে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, আর তা হলো—‘খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, জাকিয়া বারী মম, নিমা রহমান, সাবরিনা নিসা, ফাহিম, নজরুল ইসলামসসহ অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন কমল ও রিয়াদ। ঢাকাস্থ ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিংস্পটে এ নাটকটি ধারণ করা হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।