ভোলায় সুপারি চুরির অপরাধে গলায় শিকল দিয়ে তালা বেঁধে আলাউদ্দিন (১৪) নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চর আনন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার জনৈক মোসলেহ উদ্দিনের বাগান থেকে দুই ছড়া সুপারি চুরির দায়ে আলাউদ্দিনকে আটক করা হয়। এরপর মোসলেহ উদ্দিনের ছেলে ও স্থানীয় কয়েকজন মিলে একটি নির্মাণাধীন ভবনের পিলারের সঙ্গে গলায় শিকল পরিয়ে আলাউদ্দিনকে নির্যাতন চালায়। তার চিৎকারে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধার করে। এ সময় পুলিশ আসতে দেখে নির্যাতনকারীরা পালিয়ে যায়।
আরও পড়ুন: উখিয়ায় শেড এনজিওর গুদামে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রতন কুমার শীল জানান, ওই কিশোরকে উদ্ধারের পর নির্যাতনকারীদের না পেয়ে বাড়ির গৃহকর্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার দুপুরে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, এ ঘটনায় ভিকটিমের চাচা ইসমাইল আজ বৃহস্পতিবার থানায় মামলা করেছেন। বুধবার রাতে আটক ফাতেমা বেগমকে কোর্টে সোপর্দ করা হবে। ভিকটিম আলাউদ্দিনকে অভিভাবকের কাছে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/অনি
