জরুরি প্রয়োজনে রক্তের জন্য “লাইভ ব্লাড ব্যাংক” মোবাইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ৪ সেপ্টেম্বর আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে তিনি এ অ্যাপটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
‘লাইভ ব্লাড ব্যাংক’ মোবাইল অ্যাপলিকেশন হলো জরুরি প্রয়োজনে রক্তের সন্ধানে রক্তদাতা ও গ্রহীতার জন্য একটি দ্রুত, সহজ এবং নিরাপদ প্ল্যাটফর্ম। বর্তমান সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগীসহ বিভিন্ন জরুরি প্রয়োজনে সহজে ও দ্রুততম সময়ে নিরাপদ রক্তের সন্ধান এবং স্বেচ্ছায় রক্তদানকে উত্সাহিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আইসিটি প্রতিমন্ত্রীর নির্দেশনায় এ অ্যাপসটি তৈরি করা হয়।
এ উপলক্ষ্যে প্রতিমন্ত্রী বলেন, জরুরি রক্তের প্রয়োজনে পেশাদার রক্তদাতা দ্বারা অনেক সময় প্রতারণার স্বীকার হতে হয়। কাজেই, জরুরি সময়ে যেন কাউকে প্রতারিত হতে না হয় সেদিক থেকে এটি একটি নিরাপদ প্ল্যাটফর্ম।
রক্তদাতা ও গ্রহীতার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশে এখন বছরে প্রায় ১০ লাখ ব্যাগেরও বেশি রক্তের প্রয়োজন। যার ৮০ ভাগই পাওয়া যায় স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে। কিন্তু জরুরি অবস্থায় সঠিক রক্তদাতার সন্ধান পাওয়ার বিষয়ে এই মোবাইল অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিমন্ত্রী লাইভ ব্লাড ব্যাংককে সফল করতে ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, দেশে যেন একজন মানুষও রক্তের অভাবে মারা না যায়—সে ব্যাপারে তাদেরকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী বলেন বায়ান্নর ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা আন্দোলনসহ সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। দেশের যে কোনো বন্যা, দুর্যোগ, দুর্বিপাকে ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। ছাত্রলীগের ৫০ লাখ নেতাকর্মীদের সচেতন করলে গ্রিন, ক্লিন অ্যান্ড সেফ সিটি গড়ে তোলার সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হূদয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (এজিএস, ডাকসু) এবং সিআরআই-এর সহকারী সমন্বয়ক তন্ময় আহমেদ।
পরে তিনি এই মোবাইল অ্যাপটি উদ্বোধন করেন। গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে লাইভ ব্লাড ব্যাংক অ্যাপটি মোবাইলে ডাউনলোড করা যাবে http://bit.ly/livebloodbank এই ঠিকানা থেকে।
