রাজশাহীর বাঘা উপজেলার বড়াল নদীতে ৪৪ কেজি ওজনের একটি ডলফিন ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালে আড়ানী-রুস্তমপুর মাঝামাঝি এলাকার বড়াল নদীতে জেলেদের জালে এ ডলফিন ধরা পড়ে। এটি দেখতে শত-শত লোক ভিড় জমায় আড়ানী বাজারে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাঘা উপজেলার আড়ানী চকসিংগা গ্রামের সুজিত কুমার হালদারের ছেলে পলাশ কুমার হালদার তার লোকজন ব্যাড় জাল নিয়ে বৃহস্পতিবার সকালে আড়ানী-রুস্তমপুর এলাকার বড়াল নদীতে মাছ ধরতে যায়। এ সময় তাদের জালে ৪৪ কেজি ওজনের একটি ডলফিন ধরা পড়ে। এটি ওই জেলে প্রথমে আড়ানী পৌর বাজারের মাছ আড়তে নিয়ে যান। সেখানে কোনো ক্রেতা না মেলায় তিনি রাজশাহী শহরের একটি আড়তে যান। কিন্তু বেলা গড়ে দুপুর হওয়ার কারণে সেখানে ও বিশেষ কোন ক্রেতা মিলেনি। এক পর্যায় আড়তদারের নিকট মাত্র ২ হাজার টাকায় ডলফিনটি বিক্রি করেন।
আড়ানী মৎস্য ও সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার হালদার বলেন, ‘প্রথমে এটি চিনতে পারিনি। পরে জানলাম এটি ডলফিন। তবে এটি কেনার বিশেষ কোনো কাস্টামার পাওয়া যায়নি।
আরো পড়ুন : সিলেটে জেলেদের জালে আড়াই মণ ওজনের বাঘাইড়
বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, শুনেছি আড়ানী বড়ালে একটি ডলফিন জেলের জালে ধরা পড়েছে। পদ্মার নদীর শাখা বড়ালে ডলফিনটি যে কোনভাবে চলে আসে। পরে সেটি ফেরত যেতে না পারায় জেলের জালে আটকে পড়ে।
ইত্তেফাক/ইউবি
