এ বছর মধুখালীর বিভিন্ন হাটে কৃষকরা রোপা আমনের চারা সংগ্রহ করতে ব্যস্ত দেখা যাচ্ছে। যার ফলে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত মৌসুমের তুলনায় চলতি বছর রোপা আমন রোপণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলার সবচেয়ে বড়ো দুটি হাট মধুখালী সদর ও কামারখালী হাটে আজ সোমবার চারা সংগ্রহ করতে ভিড় পড়ে গেছে কৃষকদের। প্রতি শত এক বোঝা চারা ক্রয় করছেন কৃষকরা মাত্র ৩০০ টাকা থেকে ৪০০ টাকা করে। গত বছরের তুলনায় এবার চারার দাম কম। দুটি হাটে চারার আমদানিও ব্যাপক দেখা যায়। চারা রোপণ করতে কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। সকাল থেকে বিকাল পর্যন্ত শত শত কৃষক দুটি হাটে চারা সংগ্রহ করতে প্রায় প্রতিযোগিতার সৃষ্টি হয়।
মধুখালী উপজেলা কৃষি অফিসার প্রতাব মণ্ডল জানান, রোপা আমন সাধারণত ভাদ্র মাস পর্যন্ত আবাদ করা হয়। সোমবার পর্যন্ত ৭ হাজার ৫৫৫ হেক্টর জমিতে ইতিমধ্যে রোপা আমনের চারা রোপণ করে ফেলেছে কৃষকরা। পুরো ভাদ্র মাস অর্থাত্ আরো প্রায় ২০ দিন কৃষক রোপা আমন চারা রোপণ করবেন। তাতে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে রোপা আমনের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ৩৮২ হেক্টর জমিতে। গত ২০১৮-১৯ মৌসুমে এ উপজেলায় মোট রোপা আবাদ করা হয় ৯ হাজার ৩৮২ হেক্টর জমিতে।
