রংপুর-৩ আসন

ভোট দিতে পারবেন না নতুনরা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৯

আসন্ন রংপুর-৩ শূন্য আসনের উপনির্বাচনে নতুন ভোটাররা ভোট দিতে পারবেন না। কারণ তাদের নিবন্ধন সম্পন্ন হলেও চূড়ান্তভাবে তালিকায় অন্তর্ভুক্ত হবেন ২০২০ সালের ৩১ জানুয়ারি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্যঘোষিত রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর (শনিবার) উপনির্বাচন হবে।

রংপুরের ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শেষ। বর্তমানে নিবন্ধনের কাজ চলছে। তবে তপশিল ঘোষণা হওয়ায় রংপুর-৩ আসনের আপাতত আর কারো তথ্য নেওয়া হবে না। কাজেই নতুন ভোটারের সংখ্যা যাই হোক না কেন, তারা এ আসনে ভোট দিতে পারবেন না। 

রংপুর-৩ আসনটি সদর উপজেলা এবং ১ থেকে ৮ নম্বর ছাড়া রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, এ আসনের মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এখানে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়নি।

এ বিষয়ে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, নতুন ভোটাররা চূড়ান্তভাবে তালিকায় অন্তর্ভুক্ত হবেন আগামী ৩১ জানুয়ারি। এটা আইনেই আছে। তাই এ নির্বাচনে তাদের ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।