চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া-কলাউজান সড়কে কালভার্ট ভেঙে গর্ত সৃষ্টি হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এলজিইডির গুরুত্বপূর্ণ এই সড়কটি একদিকে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে, অন্যদিকে কলাউজান-কানুরাম বাজারের সঙ্গে সংযোগ রক্ষা করছে। উপজেলা সদরের সঙ্গে কলাউজান ইউনিয়নে যাতায়াতের একমাত্র সড়কও এটি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালভার্টে প্রায় ৮০ ভাগ ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন দুর্ঘটনা এড়াতে গর্তে ইট দিয়ে রেখেছে। অন্যদিকে, ঐ সড়কের উপজেলা সদরের নেয়াজেরটেক হতে কানুরাম বাজার পর্যন্ত সড়কে গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় চার মাস আগে একটি মালবাহী ট্রাক যাওয়ার সময় কালভার্টটি ফেটে যায়। পরবর্তীতে গর্তে সৃষ্টি হয়। ফলে সড়কটি দিয়ে যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা আরো জানান, দুর্ঘটনার আশঙ্কা নিয়ে শিক্ষার্থীদেরকে যাতায়াত করতে হয়। কলাউজান হিন্দুর হাট, বাংলা বাজার ও কানুরাম বাজারের লোকজন প্রতিনিয়ত সড়ক দিয়ে যাতায়াত করে। এলাকাবাসী কালভার্টসহ সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা সদরের ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী জানান, যাতায়াতের দুর্ভোগের কথা চিন্তা করে লোহাগাড়া-কলাউজান সংযোগ সড়কের কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, কালভার্টটির প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। শিগগিরই কালভার্টটির বরাদ্দ আসবে বলে তিনি জানান।
