টেস্ট র্যাংকিংয়ে পাকিস্তানের অবনমন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

স্পোর্টস রিপোর্টার

সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। এশিয়া কাপের ব্যর্থতার পর যখন একটু একটু করে দলটি সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছিল ঠিক তখনই টেস্ট ক্রিকেটে তাদের নাজেহাল হতে হলো নিউজিল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারের একদিন পরই আসলো আরো বড় দুঃসংবাদ। এর সেটা হলো, এবার সরফরাজ আহমেদের দলের অবনমন ঘটলো টেস্ট র্যাংকিংয়ে।

৯২ রেটিং নিয়ে সপ্তমস্থানে আছে তারা। পাকিস্তানের অবনমনে ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা দল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে কোনো র্যাংকিং-এ কোনো উন্নতি হয়নি নিউজিল্যান্ডের। তবে রেটিং বেড়েছে ব্ল্যাক ক্যাপদের।

১০২ রেটিং নিয়ে আবুধাবি টেস্ট খেলতে নেমেছিল কেন উইলিয়ামসনের দল। তৃতীয় ও শেষ টেস্ট ১২৩ রানের বড় ব্যবধানে জিতে সিরিজ জয় নিশ্চিত করা নিউজিল্যান্ড ৩ রেটিং পয়েন্ট অর্জন করে। তাদের অবস্থান এখন চতুর্থ। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের রেটিং পয়েন্টের পার্থক্য এখন মাত্র এক

১১৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ভারত। এরপরে দ্বিতীয় স্থানে ১০৬ পয়েন্ট নিয়ে আছে ইংল্যান্ড। ৬৯ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। অষ্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র এক।

মাত্র ১৩ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে জিম্বাবুয়ে। একাদশ ও দ্বাদশ অবস্থানে থাকা টেস্ট ক্রিকেটের নবীন দুই সদস্য আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনো কোনো রেটিং পয়েন্টের দেখা পায়নি।