কানাডায় সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কানাডার বিভিন্ন কাঁচামাল বাংলাদেশে প্রক্রিয়াজাত করে পণ্যের মূল্য সংযোগ ঘটিয়ে স্থানীয় ও বিশ্ব বাজারে বিক্রির মাধ্যমে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। এতে করে ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, তেমনি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগসহ বিপুল কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। বাংলাদেশে এখন চমত্কার বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে। কানাডার সাসকাচুয়ান প্রদেশের ব্যবসায়ীরা এ সুযোগ গ্রহণ করতে পারেন। বাংলাদেশ সরকার এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বুধবার কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন আয়োজিত বাংলাদেশ ও কানাডার সাসকাচুয়ান প্রদেশের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বিষয়ক সেমিনারে এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বৈঠকে মূলত এ প্রদেশ ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে প্রাদেশিক সহকারী উপমন্ত্রী মিজজডি ব্যাঙ্কস, সাসকাচুয়ান চেম্বার অব কমার্সের সভাপতি ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ ক্যানোলাবীজ, খাদ্য প্রক্রিয়াজাত করণ, ঔষুধ, সার, ক্ষুদ্র ও মাঝারি ধরনের ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ, তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ প্রদেশে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল রবনরিস দুদেশের বাণিজ্য বৃদ্ধি ও টেকশই উন্নয়নের লক্ষ্যে এ আয়োজনকে অগ্রগতির মাইল ফলক হিসেবে তুলে ধরে উভয় অঞ্চলের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
