সিআইডি কর্মকর্তাসহ সড়কে ঝরল ১২ প্রাণ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:০১

দেশের বিভিন্ন স্থানে গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সিআইডির এক কর্মকর্তা ও এক পুলিশ সদস্য রয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর— 

গাজীপুর : গাজীপুর সিটির পূবাইলে বুধবার রাত ১০টার দিকে কাভার্ডভ্যান চাপায় মোশাররফ হোসেন ভূঁইয়া (৪৫) নামে এক সিআইডি কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকা-বাইপাস সড়কের উলুখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। মোশাররফ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বড় মনোহরদী গ্রামের মকবুলুর রহমানের ছেলে। তিনি গাজীপুর জেলা সিআইডির ইন্সপেক্টর ছিলেন। জেলা সিআইডির এএসপি মোহাম্মদ আরজু মিয়া জানান, অফিস থেকে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ যাচ্ছিলেন। তার মাথা গাড়ির নিচে চাপা পড়ে থেঁতলে ঘনাস্থলেই মারা যান।

শেরপুর (বগুড়া) : শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চার জন নিহত হয়েছেন। গতকাল ভোরে বগুড়া-ঢাকা মহাসড়কের মহিপুরে (হাজি হাজিপুর) ঢাকাগামী কলা বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২২-৯৬৪৫) সঙ্গে বিপরীতমুখী রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৮২৬৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রড বোঝাই ট্রাকের পেছনে আরেকটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৯৬৪৯) এসে ধাক্কা খায়। দুর্ঘটনায় রড বোঝাই ট্রাকের হেলপার এবং কলা বোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। আহত হন তিন জন। এদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে যান চলা শুরু হলে নাতিকে স্কুলবাসে উঠিয়ে দেওয়ার জন্য মহাসড়ক পারাপারের সময় একই স্থানে গতকাল বাসচাপায় আমেনা বিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

গোদাগাড়ী (রাজশাহী) :রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদীঘি নামক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জীবন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কৃষ্ণবাটি এলাকার এবাদুল হকের ছেলে। বুধবার রাত ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সোনাদীঘি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গতকাল আটটার দিকে চিকিত্সারত অবস্থায় তিনি মারা যান।

শিবালয় (মানিকগঞ্জ) : ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় গতকাল সেলফি পরিবহনের একটি বাসের চাপায় সফিজ উদ্দীন (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার রঘুনাথপুর গ্রামে। ঘাতক বাসটি জব্দ হলেও চালক পালিয়েছে।

মুকসুদপুর (গোপালগঞ্জ) : মুকসুদপুরে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে জামাল শেখ (৪৫) নামে এক মাইক্রো চালক নিহত হয়েছেন। গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জামাল শেখ কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের ফুল মিয়া শেখের ছেলে।

মাগুরা : গতকাল মাগুরা-যশোর সড়কের সদর উপজেলায় বাসের সঙ্গে গরু বোঝাই ট্রাকের সংঘর্ষে এক জন নিহত ও আট জন আহত হয়েছেন। নিহত তাহাদ (২৫) চুয়াডাঙ্গার দামুড়হুদার হারেজ উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ শহরের রেল স্টেশনসংলগ্ন বটতলা মোড়ে গত বুধবার রাতে উজান ভাটি পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে সিদ্দিক মিয়া (৬৫) নামে এক সাইকেলচালক নিহত হন। তার বাড়ি সদর উপজেলার যশোদল-মধ্যপাড়া গ্রামে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিকে ভাঙচুর করে।

রামু (কক্সবাজার) : গতকাল রামু উপজেলার জোয়ারিয়ানালায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপ ও আলিরাজ পরিবহনের একটি গাড়ির সংঘর্ষে চার জন গুরুতর আহত হয়েছেন।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : উপজেলায়   পিকআপ   ভ্যানের  সঙ্গে সংঘর্ষে মো. নজরুল   ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পুরিন্দায় এ ঘটনা ঘটে। নজরুল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার   শিলাশ্রী এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি সোনারগাঁও উপজেলার কাঁচপুরে সিনহা টেক্সটাইলে লোড আনলোড বিভাগের কর্মকর্তা।

ভৈরব (কিশোরগঞ্জ): ভৈরবে অনন্যা সুপার পরিবহনের একটি বাসের চাপায় ইব্রাহিম মিয়া নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল বিকালে শহরের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি ভৈরবে দুটি রেল সেতু নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। তিনি দুই বছর আগে পুলিশ বাহিনীতে যোগ দেন। ইব্রাহিম নরসিংদীর রায়পুরার চর মরজাল গ্রামের মানু মিয়ার ছেলে।