ব্যারিস্টার মইনুলকে কারাগারে পাঠানো

ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা প্রত্যাহার চেয়ে প্রধান বিচারপতিকে স্মারকলিপি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৫

মানহানির মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন বাতিলকারী ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের বিচারিক ক্ষমতা প্রত্যাহার চেয়ে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এতে বলা হয়েছে, আপিল বিভাগের রায়ের নির্দেশনা অনুসারে গত মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মইনুল হোসেন। কিন্তু তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়, যা আপিল বিভাগের রায়, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জামিন আদেশের লঙ্ঘন। এ কারণে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

গতকাল বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে দেখা করে এ স্মারকলিপি দেন সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। এ সময় সুপ্রিম কোর্টের বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সুব্রত চৌধুরী, জুগলুল হায়দার আফ্রিক, তৈমূর আলম খন্দকার, বদরুদ্দোজা বাদল, আইনজীবী সমিতির সহসম্পাদক শরীফ ইউ আহমেদ, সদস্য কাজী আখতার হোসাইন ও মো. ওসমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ বলেন, প্রধান বিচারপতি দেশে ফিরলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এ বিষয়ে তার সঙ্গে কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন।

‘ফরমায়েশি আদেশে কারাগারে  পাঠানো হয়েছে’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বলেছে, জামিনযোগ্য মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন বাতিল করা অত্যন্ত লজ্জাজনক। আমরা মনে করি ফরমায়েশি আদেশের কারণে এটা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি করছি। সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সম্পাদক এম. মাহবুবউদ্দিন খোকন। এ সময় অন্য নেতারা উপস্থিত ছিলেন।

পরে সমিতির সভাপতির কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট। কর্মসূচিতে বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, মইনুল হোসেন এই বারের নির্বাচিত সভাপতি ছিলেন। সিনিয়র আইনজীবী। তার ওপর যদি এরকম খড়গ নেমে আসে তাহলে সাধারণ মানুষের কী অবস্থা সেটা বুঝতে হবে। তাকে সরকার মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এ সময় আইনজীবী ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। পরে সমিতি ভবনে বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা।