প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়ন শান্তি ও সমৃদ্ধি দিয়েছেন ---------------------------নাসিম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৭

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে এগিয়ে যাচ্ছে, কেউ আর অন্ধকারের দিকে ফিরে যাবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান এদেশে হবে না।

মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ শান্তি বিরাজ করায় উন্নয়নধারা অব্যাহত রয়েছে। গ্রামে গ্রামে বিদ্যুত্ পৌঁছেছে। গ্রাম এবং শহর প্রায় সমান্তরাল উন্নয়ন অগ্রগতিতে ধাবিত হচ্ছে। তিনি রোহিঙ্গা সমস্যা সংকট তুলে ধরে তার মোকাবিলায় বিএনপিসহ সকল দলমতকে এগিয়ে আসার আহ্বান জানান। এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিএম মঞ্জুরুল ইসলাম মঞ্জু।