ঠাকুরগাঁওয়ে মায়ের দেওয়া বিষে ছেলের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৪

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রুহিয়ায় পারিবারিক কলহকে কেন্দ্র করে খাবারের সঙ্গে দুই সন্তানকে বিষ খাইয়ে দিয়েছেন নুরবানু আক্তার নামে এক মা। এসময় নিজেও বিষপাণ করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ ঘটনায় নূরুজ্জামান নামে ১৮ মাসের শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানার ঘনিমহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূরুজ্জামান (১৮ মাস) ঘনি মহেশষপুর গ্রামের সেলিম উদ্দীনের ছোটো ছেলে। এছাড়া বিষপাণে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রয়েছেন ছোটো মেয়ে শাম্মী আক্তার (৬) ও তার মা নুরবানু আক্তার।

পুলিশ ও স্বজনরা জানান, রাতে হঠাত্ করেই শ্বাশুড়ির সঙ্গে ঝগড়া লাগে নুরবানুর। পরে সব ঠিক হয়ে যায়। পরের দিন সকালে তার স্বামী বাসা থেকে বের হয়ে যাবার পরেই নুরবানু তার দুই বাচ্চার মুখে বিষ দিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় স্থানীয় ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সক ছোটো ছেলে নূরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

নুরবানুর স্বামী সেলিম উদ্দীন জানান, সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাসা থেকে বের হয়। আমার স্ত্রী দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষ খেয়েছে এমন খবর স্থানীয়রা জানালে আমি তিনজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি।