গাজীপুরে পৃথক ঘটনায় নারী-শিশুসহ চার জনের লাশ উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৬

গাজীপুরে পৃথক ঘটনায় নিহত নারী ও শিশুসহ চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাজেদা খাতুন নামে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে প্রেমিক। তিনি সিটি করপোরেশনের কুনিয়াপাচরের হাফিজুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ প্রেমিক অনুপ কুমার রায়কে (৩০) গ্রেফতার করেছে।  

গাজীপুরের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, মাজেদার স্বামী ঢাকার উত্তরার একটি প্রতিষ্ঠানের গার্ড। স্বামী বাসায় না থাকার ফাঁকে মাজেদার সাথে একই বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক অনুপের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। টাকা ধার না দেওয়ায় তাদের মধ্যে মনমালিন্য চলছিল। এর জেরে বুধবার রাতে অনুপ ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে মাজেদাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুপুরে অনুপকে গার্মেন্টস থেকে আটক করা হয়। অনুপ খুলনার ডুমুরিয়ার অজিত কুমার রায়ের ছেলে।

এদিকে, বুধবার সন্ধ্যায় নগরীর পূবাইল থানার পদহারবাইদ এলাকার একটি ঘর থেকে আব্দুল জলিল (৫০) নামে এক রাজমিস্ত্রির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটা গ্রামে। তিনি হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কিংবা অসুস্থজনিত কারণে ঘরের ভেতরে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। একই দিন রাতে গাজীপুর সদর উপজেলার বানিয়াচালা এলাকার একটি ডোবা থেকে উদ্ধার হয় কাইয়ুম ওরফে বাবু (৯) নামে এক শিশুর লাশ। সে ঐ এলাকার মো. সোহাগের বাড়ির ভাড়াটে আবদুল মোতালেবের ছেলে। পুলিশের ধারণা পানিতে ডুবে বাবুর মৃত্যু হয়ে থাকতে পারে।

অপরদিকে, একই উপজেলার সিংড়াতলি গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গতকাল দুপুরে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঐ এলাকার মাইনুদ্দিনের ছেলে।