জয়ের সুযোগ দেখছে আফগানরা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩২

স্পোর্টস রিপোর্টার

ব্যাটসম্যানদের দৃঢ়তায় চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিল আফগানিস্তান। গতকাল ম্যাচের দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে আফগানিস্তানের বোলাররা। সবমিলিয়ে ম্যাচে এখন পর্যন্ত আফগানরাই সুবিধাজনক অবস্থানে আছে।

দ্বিতীয় দিনে ৬৭ ওভার বোলিং করে বাংলাদেশের আট ব্যাটসম্যানকে আউট করেছে সফরকারীরা। যদিও রশিদ খানদের ঘূর্ণি জাদুতে ১৪৬ রানেই আট উইকেটের পতন হয়েছিল স্বাগতিকদের। বাংলাদেশের ব্যাটিংয়ে এখন চলছে লেজের লড়াই। গতকাল দ্বিতীয় দিন শেষে ১৪৮ রানে এগিয়ে থাকা আফগানরা চট্টগ্রাম টেস্টে জয়ের ছবি আঁকছে।

দিন শেষে সংবাদ সম্মেলনে লেগ স্পিনার কায়েস আহমেদ এমনটাই জানিয়েছেন। গতকাল এই আফগান স্পিনার বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই ম্যাচ জেতার সুযোগ রয়েছে আমাদের। আজকে (গতকাল) বৃষ্টি বাংলাদেশের ব্যাটসম্যানদের সুবিধা করে দিয়েছে, কারণ বল আদ্র হয়ে পড়েছিল। তখন টার্ন করানো সহজ নয়। কাল (আজ) আমরা নতুন বল পাবো এবং আশা করি এটা আমাদের কাজে দেবে।’

ম্যাচে নিজের পারফরম্যান্সে খুশি কায়েস আহমেদ। আট ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন তিনি। বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলেছেন তিনি। বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে ভালোই ধারণা আছে তার। গত মাসে আফগান ‘এ’ দলের হয়েও বাংলাদেশ সফর করেছেন কায়েস আহমেদ।

নবম উইকেটে মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম ৪৮ রানের জুটিটা বাংলাদেশকে অনেক সাহায্য করেছে বলে মনে করেন এই আফগান স্পিনার। গতকাল তিনি বলেন, ‘শেষ জুটিটা বাংলাদেশকে অনেক সাহায্য করেছে। শেষ উইকেটে তারা প্রায় ৫০ রান যোগ করেছে। কাল (আজ) সকালে তাদের দ্রুত আউট করতে চেষ্টা করব। তারপর আমরা ব্যাটিং শুরু করব এবং তাদের বড়ো টার্গেট দেব।’